বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভরিতে ২ লাখ ৮৬ হাজার—স্বর্ণের দামে নতুন ইতিহাস

বাংলাদেশে গত তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এই সময়ের মধ্যে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২৩ হাজার ৫৬১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। মাত্র তিন দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়।

বাজুসের তথ্যমতে, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নিম্নরূপ—২২ ক্যারেট: ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। বৃহস্পতিবার ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা।

নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট রুপা: ৮ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেট: ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট: ৬ হাজার ৯৯৮ টাকা, সনাতন পদ্ধতি: ৫ হাজার ২৪৯ টাকা।

স্বর্ণ ও রুপার দামে ধারাবাহিক এই ঊর্ধ্বগতি বাজারে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও