আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নগরের কাজীর দেউড়ি মোড়ে একটি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।
পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। প্রয়োজনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও চালিয়ে যাচ্ছে।

