পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে। একইসঙ্গে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে সরকার অটল থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
তিনি বলেন, “কোনো বিশেষ দেশের প্রতি অতিনির্ভরশীলতা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।
সাম্প্রতিক ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় ভিসা কার্যক্রম শুরু করেছে, যা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান–এর কবর জিয়ারত করেন।
এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

