রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের রাজনীতিতে এগিয়ে নিচ্ছে এনসিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সময় লাগলেও আগামীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

- Advertisement -

শনিবার দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্বাগত জানান।

আলোচনা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, “এনসিপি এই এক বছরে অনেক দূর এগিয়েছে। নির্বাচনি সমঝোতা ও জোটের মাধ্যমে তারা জাতীয় সংসদে ছয়টি আসন পেয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা বাড়তে বাড়তে একদিন হয়তো তারা রাষ্ট্রীয় ক্ষমতায়ও আরোহন করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু রাতারাতি হয় না।”

তিনি আরও বলেন, দলটি রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখছে। তার মতে, বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের চাহিদাকে ধারণ করবে এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করবে।

উত্থান-পতন রাজনীতির অংশ উল্লেখ করে তিনি বলেন, “যারা উত্থান-পতন মেনে নিতে পারেনি, তারা রাজনীতিতে টিকে থাকতে পারেনি।”

এনসিপি সত্যিকার অর্থে জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দ্বন্দ্ব ও বিতর্ক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা এক থাকব। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও