চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি বাবু শেখ (৪৫)। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা।
পুলিশ জানায়, রোববার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেয়।
কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে এসে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে এবং মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়—এমন তথ্য জবানবন্দিতে উল্লেখ করেছে আসামি।
পরে আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে উঠতে সক্ষম হলে শ্রমিকরা তাকে উদ্ধার করেন এবং দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে থানায় খবর দেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ভোরে তার মৃত্যু হয়।
পুলিশ সুপার জানান, ঘটনার পর ভুক্তভোগীর বাড়ি থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

