শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

- Advertisement -

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠায়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান তিনি। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়।

উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও বিলাসী জীবনযাপনের অভিযোগে সমালোচনার মুখে পড়েন আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগরের এই রাজনীতিক নিজ এলাকা থেকে নির্বাচন করতে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন—এমন অভিযোগে সেখানে বিক্ষোভও হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। গুঞ্জন ছিল, ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নিয়ে এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও