আসন্ন ঈদুল ফিতর-এর দিন দেশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আনন্দঘন এই দিনে আবহাওয়ায় বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ-এর উত্তরাঞ্চলে ঈদের দিন ঝড়ো হাওয়াসহ কালবৈশাখীর তাণ্ডব দেখা যেতে পারে।
এদিকে বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগ-এর কিছু কিছু স্থানে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

