চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
দরবারের অনুসারীরা হানাফি মাজহাব অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুইশ বছর ধরে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং অন্যান্য চন্দ্র মাসভিত্তিক ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।
দরবার সূত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে। এতে ইমামতি করছেন বর্তমান সাজ্জাদানশীন মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলা ছাড়াও ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে দরবারের অনুসারীরা এদিন ঈদ উদযাপন করছেন।
এছাড়া পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকায়ও একইভাবে ঈদ পালন করা হচ্ছে।
মির্জাখীল দরবার শরীফের প্রতিনিধি মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে ঈদুল ফিতর উদযাপন করছি।”

