শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সংকটের সুযোগে পেট্রোল মজুত, ধরা খেলেন বিএনপি নেতা

কুড়িগ্রামের রৌমারী উপজেলা-তে এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধ মজুতদারির অভিযোগে জরিমানাও করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী রাফিউর রহমান ড্রামভর্তি পেট্রোল জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল বিক্রির বিভিন্ন উপকরণসহ এসব পেট্রোল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে আবু জাহান বিভিন্ন পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে মজুত করেন এবং তার ছেলে এরশাদুল হক তা চড়া দামে বিক্রি করতেন। প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা, কখনো ৩০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ রয়েছে।

অভিযান চলাকালে আবু জাহান ও এরশাদুল কেউই বাড়িতে ছিলেন না। তার ছোট ছেলে হারুনুর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।

তবে হারুনুর রশিদ দাবি করেন, বাড়িতে থাকা পেট্রোল তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। যদিও বসতবাড়িতে ড্রামে করে এত পরিমাণ জ্বালানি রাখার যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

এ বিষয়ে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বলেন, বিষয়টি ব্যক্তিগত হলেও সাংগঠনিকভাবে তাকে সতর্ক করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুতদারির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও