দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির প্রবণতা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ কিংবা মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা-র প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংসদে রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে মব সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ২৫০ থেকে ৩০০ জন মানুষ এই ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি নিজেও গত ২১ ফেব্রুয়ারি এর শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার স্পষ্ট বার্তা দিয়েছে—বাংলাদেশে মব কালচার চলবে না। অন্তর্বর্তীকালীন সময়ের মতো সড়ক অবরোধ বা বিশৃঙ্খল পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না।
মব সহিংসতা ও পরিকল্পিত অপরাধের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর সুসংগঠিত অপরাধ হিসেবে গণ্য হবে এবং এসব ঘটনায় নিয়মিত মামলা ও বিচার প্রক্রিয়া চলবে।
একই সঙ্গে তিনি জনগণকে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানানোর আহ্বান জানিয়ে বলেন, স্মারকলিপি প্রদান, সেমিনার বা শান্তিপূর্ণ সমাবেশ—এসবই গ্রহণযোগ্য পথ। তবে মব তৈরি করে দাবি আদায়ের সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

