রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পড়ে গিয়ে আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজির আহমেদ খান বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, পড়ে গিয়ে তার পা ও কোমরের সংযোগস্থলের হাড় ভেঙে যায়। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত দেন চিকিৎসকরা।

দ্রুত স্থানান্তরের ক্ষেত্রে জেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বিত সহযোগিতা পাওয়া যায়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাসপাতালে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন এবং হেলিকপ্টারের ব্যবস্থা করেন।

বিমান বাহিনীর সহায়তায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরসংলগ্ন আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজের হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয় তাকে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, স্থানান্তরের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব সংস্থা আন্তরিকভাবে সহযোগিতা করেছে।

র‍্যাব-৭-এর অধিনায়ক মো. হাফিজুর রহমান বলেন, সহকর্মী হিসেবে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা সবার দায়িত্ব।

এদিকে এসপির স্ত্রী শাহানারা শিল্পী জানান, ঢাকাতেই তার স্বামীর অপারেশন করা হবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও