বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সাধারণ মানুষকে ‘জিম্মিদশা’ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সলিমপুর ও আলীনগরের অস্থায়ী পুলিশ ও র‌্যাব ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, এই এলাকায় কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।

তিনি জানান, কিছু সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদকের ব্যবসা চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। এমনকি পাহাড় কেটে পরিবেশও ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, “আমরা চাই সলিমপুরের মানুষ নিরাপদে বাস করুক, তাদের সন্তানরা সুশিক্ষা পাক। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া যাবে না।”

তিনি আরও জানান, সম্প্রতি প্রায় ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে বড় ধরনের অভিযান চালানো হয়েছে, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে এলাকায় পুলিশ ও র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

এছাড়া এলাকার অবকাঠামোগত উন্নয়নের কথাও উল্লেখ করে তিনি বলেন, সড়ক সংস্কার, পানি ও স্যানিটেশন সমস্যার সমাধানসহ স্থায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

সবশেষে তিনি বলেন, “আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই—সলিমপুরকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা করা হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও