বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মশক নিধনে অবহেলা হলে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মশক নিধন কার্যক্রমে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৩ এপ্রিল) নগরের প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খাল সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, নগরজুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারভাবে চলবে। কোনো এলাকায় ওষুধ ছিটানো না হলে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব বা সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, বর্ষা মৌসুমে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হলেও কিছু এলাকায় পানি জমেছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে খাল সংস্কার কাজ চলছে।

তিনি জানান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীনে ৩৬টি খাল খনন প্রকল্পের অংশ হিসেবে হিজড়া খাল খনন, সম্প্রসারণ ও সংস্কার করা হচ্ছে। দীর্ঘদিন দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে খালটির প্রস্থ অনেক জায়গায় কমে গেছে। এখন সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে।

এই খালটি গোল পাহাড়-মেহেদিবাগ এলাকা থেকে শুরু হয়ে কাতালগঞ্জ, পাঁচলাইশ, দামপাড়া, বাকলিয়া, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলী-চাক্তাই খালের সঙ্গে যুক্ত।

মেয়র আরও বলেন, কিছু স্থাপনা আংশিক অপসারণ করতে হবে, যা বৃহত্তর স্বার্থে প্রয়োজন। খাল খননের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় পানি জমে ভোগান্তি হলেও আগামী দুই মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা কমবে।

তিনি জানান, হিজড়া খাল ও জামালখান খাল—এই দুটি খাল নগরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে ড্রেন উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দখলমুক্ত ফুটপাত এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান মেয়র।

সর্বশেষ

এই বিভাগের আরও