চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
- Advertisement -
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানিশা নগরের রাহাত্তারপুল এলাকার ফুলগলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব।
দুর্ঘটনার পর সামিন ও মিনহাজ নামে দুই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

