চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান চালায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাইদুবাই-এর FZ-563 ফ্লাইটের যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়। যাত্রীর বাড়ি চন্দনাইশের জাফরাবাদ এলাকায়।
জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে।
তবে সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, কাস্টমস ও অন্যান্য সংস্থার নজরদারি অব্যাহত থাকবে।

