বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বৈশাখে চট্টগ্রামে সড়কে বিশেষ নির্দেশনা, ডাইভারশন চালু

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

- Advertisement -

আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সিএমপি জানায়, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ডিসি হিল ও সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক বসিয়ে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে।

ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রান্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পুলিশ জানিয়েছে, পহেলা বৈশাখের অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্ন করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতি বছর পহেলা বৈশাখ ঘিরে ডিসি হিল ও সিআরবি শিরিষতলা এলাকায় ব্যাপক জনসমাগম হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও