চট্টগ্রামে সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় গিয়ে বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ নামের একটি বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গেলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও স্থানীয় লোকজন বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
এ সময় তারা জানতে চান, কী উদ্দেশ্যে তিনি ওই বাসায় গেছেন এবং সেখানে কোনো বৈঠক হয়েছে কি না। উপস্থিত কয়েকজন তাকে সরাসরি প্রশ্ন করেন—আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় কেন গেছেন, এমনকি তার অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়।
পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে সেখানে হট্টগোল শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি হাসনাত আবদুল্লাহকে ঘিরে প্রশ্ন করছেন এবং তিনি হাত নেড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তাজনিত কারণে তিনি দ্রুত বাসা থেকে বের হয়ে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন এবং সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করতে ওই বাসায় যান।
পরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি এবং সাম্প্রতিক সময়ে কোনো দলের সক্রিয় পদে নেই।

