চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় মহাসড়কের ওপরই থেমে গেছে হানিফ পরিবহনের একটি বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বাসটি এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।
সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে আছে বাসটি। কিছু যাত্রী বাসের ভেতরে বসে আছেন, আবার অনেকে রাস্তায় দাঁড়িয়ে বিকল্প যানবাহনের অপেক্ষা করছেন।
যাত্রীরা জানান, বাসের চালকের সহকারী জ্বালানি তেলের জন্য বালতি নিয়ে আশপাশের ফিলিং স্টেশনগুলোতে ঘুরছেন। তবে দীর্ঘ সময় পার হলেও তেলের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
বাসের যাত্রী ওবায়দুর রহমান বলেন, তিনি টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে বাসে উঠেছিলেন। পথে কয়েকটি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে অল্প অল্প করে ১০-২০ লিটার তেল নেওয়া হয়। এমনকি বেশি তেল পেতে অতিরিক্ত টাকাও দিতে হয়েছে। এরপরও শেষ পর্যন্ত তেল ফুরিয়ে বাসটি বন্ধ হয়ে যায়।
আরেক যাত্রী মোবারক হোসেন বলেন, কক্সবাজারে সকাল ৯টায় তার একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সীতাকুণ্ডেই আটকে পড়ায় তিনি অনিশ্চয়তায় পড়েছেন।
বাসচালক ওসমান গনি জানান, সিলেট থেকে কক্সবাজার যেতে মোট ১৬০ লিটার জ্বালানি প্রয়োজন হলেও তিনি যাত্রা শুরু করেন মাত্র ৭০ লিটার তেল নিয়ে। পথে কয়েকটি স্টেশন থেকে অল্প কিছু তেল পেলেও অধিকাংশ জায়গায় দীর্ঘ অপেক্ষার পরও তেল পাননি। ফলে সীতাকুণ্ডে এসে বাসটি বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, কিছু যাত্রীকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে স্থানীয় যানবাহনে তুলে দেওয়া হচ্ছে। বাকিদের জন্য কোম্পানির অন্য একটি বাসের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে জ্বালানি তেলের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

