দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ আসনের সাতটি ও আঞ্চলিক আসনের সাতটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেশব্যাপী নির্বাচনি প্রচার কার্যক্রম জ্বালানি সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার থেকেও নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়।
এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্ধারিত ১৯ মে’র ভোটগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ৭ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২৩ এপ্রিল বাছাই, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ১৯ মে ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।
বার কাউন্সিলের বিধি অনুযায়ী, মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সাধারণ আসনে সাতজন এবং সাতটি আঞ্চলিক আসন থেকে একজন করে আরও সাতজন সদস্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

