রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হাম প্রতিরোধে জোর, স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে বহু শিশুর মৃত্যু হয়েছে। সময়মতো টিকা প্রদান না করাকে তিনি ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন তিনি।

- Advertisement -

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই সম্মেলন কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং স্বাস্থ্যখাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিতে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোগ প্রতিরোধে জোর দেওয়া হবে। এ লক্ষ্যে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা জোরদার এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সেবার কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া স্বাস্থ্যকর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনার কথা বলেন, যার ৮০ শতাংশ নারী হবে।

স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে রোগীর ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ এবং সহজে চিকিৎসা সেবা প্রদান সম্ভব হবে।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার কাঠামোগত ও জনবল ঘাটতি দূর করতে সরকার কাজ করছে। স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে।

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেলে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের চলাচলের সুবিধার্থে যানবাহনের জ্বালানি ও চালকের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন।

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন সরকারপ্রধান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এতে অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও