শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কলমের লড়াইয়ে নামছে লাখো শিক্ষার্থী—এসএসসি কাল থেকে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।

- Advertisement -

প্রকাশিত রুটিন অনুযায়ী বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষাকক্ষে প্রবেশ সংক্রান্ত অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগে থেকেই সংগ্রহ করতে হবে এবং শুধুমাত্র নিবন্ধিত বিষয়েই পরীক্ষায় অংশ নিতে পারবে। উত্তরপত্রের ওএমআর ফরম সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক, কোনো অবস্থায় তা ভাঁজ করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

প্রতিটি বিষয়ের বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত নির্দেশনা মেনে চললে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও