‘কিছু রাজনৈতিক দল’ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপির জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে আমরা যে জুলাই সনদে সই করেছি, সেই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কিন্তু তারপরও কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, কিছু দল সংস্কারের কথা বললেও তারা নারীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রশাসন বা আইনশৃঙ্খলা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে না; বরং শুধুমাত্র সংবিধান নিয়ে আলোচনা করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
ময়মনসিংহের একটি ব্যক্তিগত ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, পারিবারিক একটি বিষয়কে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে।
এ সময় সমর্থকদের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও সক্রিয় হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে।”
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। এর আগে নির্বাচনের সময়ও একই মাঠে জনসভা করেছিলেন তিনি।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামে। বিকেলের মধ্যেই মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

