জ্বালানি সংকট নিরসনে আমদানি করা ডিজেলের বড় চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দর-এ। ইতোমধ্যে দুইটি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করে ডিজেল খালাস শুরু করেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা সোমবার (২০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি ওকট্রি’ এবং প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘এমটি কেপ বনি’ জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।
এছাড়া দেশের জলসীমায় ঢুকেছে আরও তিনটি জাহাজ—প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেনবাহী ‘এমটি নেভি সিয়েলো’। এগুলো বহির্নোঙরে অবস্থান করছে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদনও বাড়ানো হয়েছে। বিপিসি গত ১৯ দিনে তিনটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার ১৭০ মেট্রিক টন অকটেন সংগ্রহ করেছে।
এর মধ্যে সুপার পেট্রো পিএলসি সরবরাহ করেছে সবচেয়ে বেশি ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেলও সরবরাহ করেছে।
এছাড়া পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড দিয়েছে ৩ হাজার ২৬৪ টন অকটেন, ১ হাজার ২৫৪ টন পেট্রল ও ১ হাজার ৮৯৬ টন ডিজেল। আর অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড সরবরাহ করেছে ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রল এবং ৫১৮ মেট্রিক টন ডিজেল।
সংশ্লিষ্টরা আশা করছেন, বড় এই চালানগুলো খালাস ও বিতরণ সম্পন্ন হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।

