চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটের হাসান টাওয়ার-১ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, মায়ের অগোচরে কারিম ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ভবনের নিচে রক্তাক্ত ও নিথর অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মায়ের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানা পুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

