বুধবার, ১০ জুন ২০২৬

গাইড ওয়াল ভেঙে ব্রিজ নির্মাণ, বোয়ালখালীতে প্রবাসীকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা–তে সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল ভেঙে অবৈধভাবে ব্রিজ নির্মাণের দায়ে প্রবাসী মো. জাহাঙ্গীর আলম–কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ইউএনওর নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মহাসড়ক আইন ২০২১–এর ৯(১৭) ধারা অনুযায়ী বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে নির্মাণাধীন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগ–এর পটিয়া সড়ক উপবিভাগের উপপ্রকৌশলী শাহরিয়ার কামাল।

এর আগে সকালে উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয় যে, অলিবেকারী মোড় এলাকায় ব্রিজ নির্মাণের জন্য সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল ভেঙে ফেলা হয়েছে। এতে নির্মাণাধীন লোহার ব্রিজ অপসারণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

জানা গেছে, ছন্দারিয়া খালের ওপর ব্রিজ নির্মাণ করতে গিয়ে জাহাঙ্গীর আলম এর আগেও একাধিকবার প্রশাসনের বাধার মুখে পড়েছিলেন।

অলিবেকারী মোড় থেকে জোটপুকুর পাড় এলাকা পর্যন্ত খালের ভাঙন রোধে গাইড ওয়ালটি নির্মাণ করেছিল সড়ক ও জনপথ বিভাগ। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

এই বিভাগের আরও