চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, হামের প্রাদুর্ভাব এখন দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি করেছে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় এনে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে।
রোববার (১০ মে) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়-এর সম্মেলন কক্ষে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভাগীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম বিভাগে ৬-৫৯ মাস বয়সী প্রায় ৪২ লাখ ৯৬ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, গত ৯ মে পর্যন্ত টিকাদানের হার ৯৮ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। কোনো শিশু যাতে টিকার বাইরে না থাকে, সেজন্য স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের খুঁজে এনে টিকা দিচ্ছেন।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু চৌধুরী মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনের অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, আগামী ২০ মে পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ২৪ হাজার ৬৪০টি ভ্যাকসিনেশন সেন্টারে বিনামূল্যে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।

