বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, পূর্ণাঙ্গ শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পূর্ণাঙ্গ শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের ব্যানারে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

- Advertisement -

শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছেন।

এর আগে শিক্ষকদের পদোন্নতির দাবিতে গত ২০ এপ্রিল থেকে টানা ১০ দিন আন্দোলন চলায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে সংকট সমাধানে বরিশালের বিভাগীয় কমিশনার, উপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিনদের অংশগ্রহণে ৩০ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর কর্মসূচি শিথিল করায় ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল।

তবে শিক্ষক সমাজের অভিযোগ, বৈঠকে গৃহীত সমঝোতা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং উপাচার্য একক সিদ্ধান্তে এগোচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

শিক্ষকদের দাবি, গত ৮ মে রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভার নোটিশ দেওয়া হয় এবং পরদিন অনুষ্ঠিত সভায় অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করা হয়েছে। এতে চলমান সংকট সমাধানের পরিবর্তে অচলাবস্থা আরও বেড়েছে বলে তারা মনে করছেন।

শিক্ষক নেতারা জানান, দীর্ঘদিন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেও ফল না পাওয়ায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশীজনভিত্তিক প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

অন্যদিকে নতুন করে শাটডাউনের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে সেশনজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও