বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

‘লুটপাটের দায় এখন ২০ কোটি মানুষের’— মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অস্বাভাবিক ব্যয়ের কারণে দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হয়েছে। এসব প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের সাধারণ মানুষের কাঁধে এসে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

সোমবার (১১ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অডিট প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুসহ একাধিক বড় প্রকল্পে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যয় হয়েছে।

তিনি দাবি করেন, রূপপুর প্রকল্পে বিদেশি কর্মকর্তাদের আবাসনের জন্য একটি বালিশের দাম ৮০ হাজার টাকা দেখানো হয়েছে। এছাড়া সাধারণ আসবাবপত্রও কয়েক গুণ বেশি দামে কেনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশে একই ধরনের প্রকল্প তুলনামূলক কম ব্যয়ে বাস্তবায়ন হলেও বাংলাদেশে এসব প্রকল্পে ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ লাগানোর নামে অর্থ ব্যয়ের অভিযোগও তুলে ধরেন সরকারপ্রধান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়েও সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু জেলায় কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হলেও বাস্তবে কাজের অগ্রগতি নেই। অনেক প্রকল্প আইনি জটিলতায় আটকে রয়েছে বলেও জানান তিনি।

পদ্মা সেতুর ব্যয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, অন্য দেশের সমমানের সেতুর তুলনায় এই প্রকল্পে অনেক বেশি অর্থ ব্যয় হয়েছে। তার ভাষায়, এসব অপ্রয়োজনীয় খরচ না হলে শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করা যেত।

সভায় তিনি পুলিশ বাহিনীর আবাসন, প্রযুক্তি ও পরিবহন সুবিধা উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তবে অতীতের দুর্নীতি ও ঋণের চাপের কারণে অর্থনৈতিক সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ

এই বিভাগের আরও