চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ, মানবিক ও সেবাধর্মী একটি পেশা। অসুস্থ মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নার্সদের অবদান অপরিসীম।
মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ আয়োজিত আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে তিন লক্ষাধিক নার্সের প্রয়োজন হলেও এখনো বড় ধরনের জনবল সংকট রয়েছে। বর্তমানে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে নার্সরা হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের পাশাপাশি নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, নার্সিং পেশায় নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ বাড়লে এ পেশা আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে। স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করা গেলে নার্সদের ক্ষমতায়ন সম্ভব হবে।
আলোচনা সভা শেষে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল-এর ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।
এর আগে সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তারা বলেন, চিকিৎসাসেবায় ডাক্তার ও নার্স একে অপরের পরিপূরক। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ, নিয়মিত উপস্থিতি ও মানবিক সেবা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
তারা আরও বলেন, বিদেশের হাসপাতালগুলোতে রোগীদের সঙ্গে নার্সদের আন্তরিক আচরণ স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করেছে। বাংলাদেশের হাসপাতালগুলোতেও উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করতে ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও মানবিক হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর আলম, ডা. অজয় দাশ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-এর নেতৃবৃন্দসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

