নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। পরে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়–এ চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে জামিনে মুক্তি পান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তার ছেলে সাবেদুর রহমান সুমু জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় আরেকটি জানাজা হলেও সেটির সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবনে ছয় দফা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।
১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

