বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চকবাজারে শিক্ষা অবকাঠামো উন্নয়নে চসিকের ৬ কোটি টাকার দুই প্রকল্প উদ্বোধন

রোজী চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে চকবাজার এলাকায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৩ মে) কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ মাঠে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন হওয়া প্রকল্প দুটি হলো— ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ সড়কের উন্নয়ন এবং কলেজ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। কলেজের সড়ক ও ভবন সম্প্রসারণের ফলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও উপযোগী পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।

সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৪৫ হাজার টাকা। এর আওতায় ৬০৬ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত রাস্তা উঁচু করে ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে।

অন্যদিকে, কলেজ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পে ব্যয় হবে ৫ কোটি ৮ লাখ টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত চারটি নতুন ফ্লোর নির্মাণ করা হবে, যেখানে প্রতিটি তলায় পাঁচটি করে মোট ২০টি শ্রেণিকক্ষ থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন হবে ৬ হাজার বর্গফুট।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও