চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নকে আরও টেকসই ও আধুনিক করতে প্রযুক্তিনির্ভর নির্মাণকৌশল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৌশল প্রয়োগের মাধ্যমে নগর উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
সড়ক নির্মাণে রড উৎপাদনের সময় উৎপন্ন স্ল্যাগ ব্যবহারের সম্ভাবনা নিয়ে এই সেমিনারের আয়োজন করে বিএসআরএম। প্রতিষ্ঠানটি স্ল্যাগের ব্যবহার, এর স্থায়িত্ব ও পরিবেশগত উপকারিতা নিয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরে।
মেয়র বলেন, নগরের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এতে যেমন ব্যয় কমবে, তেমনি পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে না পারলে নগর উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই হবে না। তাই উন্নয়ন পরিকল্পনায় নতুন ধারণা ও উদ্ভাবনী কৌশলকে গুরুত্ব দিতে হবে।
সেমিনারে জানানো হয়, স্ল্যাগ হলো ধাতু গলানোর পর আকরিক থেকে অপদ্রব্য আলাদা হয়ে তৈরি হওয়া কাঁচসদৃশ অবশিষ্টাংশ। এটি ধাতব অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইডের মিশ্রণ, যা ইস্পাত ও সিমেন্ট শিল্পে কার্যকর উপাদান হিসেবে ব্যবহৃত হয়। পরিবেশবান্ধব এই উপাদান নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, আবু সাদাত তৈয়বসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা অংশ নেন এবং মতবিনিময় করেন।

