বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত চট্টগ্রাম, বাড়ছে গুঁড়ি-চাটাই বিক্রি

শাহরিয়ার মুনির জিসান

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম নগরের অলিগলি, কাঁচাবাজার ও ফুটপাতে বেড়েছে গুঁড়ি ও চাটাইয়ের কদর। কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত এসব সামগ্রীর বিক্রি জমে উঠেছে নগরজুড়ে।

- Advertisement -

নগরের চকবাজার, কর্নেলহাট, আগ্রাবাদ, বহদ্দারহাট, অলংকার, আতুরার ডিপো ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, কাঠের গুঁড়ি, বাঁশ ও পাটের তৈরি চাটাই কিনতে ভিড় করছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, কোরবানির ঈদ এলেই এসব পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে পশু জবাইয়ের সময় মাংস কাটার জন্য মোটা কাঠের গুঁড়ি এবং মাংস রাখার জন্য চাটাই বেশি বিক্রি হচ্ছে।

চকবাজার এলাকার ব্যবসায়ী আবদুল কাদের চট্টগ্রাম জার্নালকে বলেন, “সারা বছর তেমন বিক্রি না থাকলেও ঈদের আগে গুঁড়ি-চাটাইয়ের ভালো চাহিদা থাকে। এবারও ক্রেতা বেশ ভালো।”

ক্রেতারা বলছেন, কোরবানির সময় বাসাবাড়িতে কাজ সহজ করতে আগেভাগেই এসব সামগ্রী কিনে রাখছেন তারা। কেউ ছোট গুঁড়ি নিচ্ছেন, আবার অনেকে বড় পশুর জন্য ভারী ও মোটা গুঁড়ি কিনছেন।

এদিকে কোরবানিকে কেন্দ্র করে নগরের বিভিন্ন এলাকায় অস্থায়ী দোকানও বসেছে। সেখানে দা, ছুরি, বটি ধার দেওয়ার পাশাপাশি বিক্রি হচ্ছে প্লাস্টিকের ত্রিপল, দড়ি ও মাংস বহনের বিভিন্ন উপকরণ।

ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের দুই-তিন দিনে বেচাকেনা আরও বাড়বে।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও