বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকালে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে তার মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে গোলাম আকবর খোন্দকার বলেন, “শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। তার আদর্শ ও কর্মদর্শন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারা অব্যাহত রাখতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

