চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড লাগেজ থেকে প্রায় ৯৪ লাখ ৫১ হাজার টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী BG147 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। জব্দ করা বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।
আটক যাত্রী মোহাম্মদ আবু বক্করের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
কাস্টমস সূত্র জানায়, তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে সর্বোচ্চ নজরদারি অব্যাহত রাখবে।

