গাইবান্ধায় হামলায় ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।
রোববার (২১ জুন) রাত ১০টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এতে মোড়ের একাংশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
সংগঠনটির দাবি, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহযোগী সালাউদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশের নেতৃত্বে সাইফুল্লাহ বারীর ওপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে আঘাত করা হয় এবং তার সঙ্গে থাকা সালাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে ছাত্রশিবির নেতারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

