বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, কাফকোর ওপরই ভরসা: শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দেশে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো সার কারখানা সারা বছর চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

- Advertisement -

সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কাফকো, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে বিভিন্ন সময় সংকট তৈরি হয়। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তালিকায় প্রথমে বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয়তে শিল্প খাত এবং তৃতীয়তে সার কারখানা রয়েছে। এ কারণেই কাফকো ছাড়া অন্য সার কারখানাগুলো সারা বছর সচল রাখা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, প্রায় ৪০ বছর পুরোনো সিইউএফএল এখন আগের তুলনায় অনেক কম উৎপাদন করছে। কারখানাটি তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন আশানুরূপ নয়। তবে এটি পূর্ণ সক্ষমতায় চালাতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিইউএফএলের উৎপাদন সক্ষমতা বাড়াতে কী ধরনের আধুনিকায়ন ও প্রযুক্তিগত পরিবর্তন প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ দল নিয়ে প্রাথমিক পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি সার কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও