বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খাল দখল ছাড়ুন, না হলে আইনি ব্যবস্থা: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার

নগরের খাল-ছড়া দখলকারীদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

বুধবার (২৪ জুন) সকালে নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকার ১ নম্বর ওয়ার্ডে ঢুলুনিয়া ঢালা ছড়া, খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়ার পুনঃখনন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নগরের খাল ও ছড়াগুলো নগরবাসীর গুরুত্বপূর্ণ সম্পদ। এসব জলাধার দখল ও দূষণের কারণে জলাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে। তাই যারা খাল-ছড়া দখল করে রেখেছেন, তাদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে।

তিনি বলেন, অনেক স্থানে খালের ওপর নির্মিত স্ল্যাব ও বিভিন্ন অবকাঠামো পরিচ্ছন্নতা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এসব প্রতিবন্ধকতা অপসারণ করে খালগুলোকে পুরোপুরি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন জানান, ওয়ার্ডভিত্তিক জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পরিকল্পিতভাবে কাজ চলছে। নগরের ৪০টি খালের উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়নের কাজও এগিয়ে চলছে। এর আওতায় খাগড়িয়া ছড়া, খোশাল শাহ ছড়াসহ গুরুত্বপূর্ণ জলাধারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় খালের গভীরতা বৃদ্ধি, রিটেইনিং ওয়াল নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ এবং আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পাশাপাশি হালদা নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সংযুক্ত খাল-ছড়াগুলোর পুনরুদ্ধার করা হবে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে মেয়র বলেন, খনন ও সংস্কারকাজের মান নিশ্চিত করতে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও