রবিবার, ২৮ জুন ২০২৬

‘এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল’—বিশ্বাস অধরা খানের

বিনোদন ডেস্ক:

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই আবহ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অধরা খান বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত ব্রাজিলের হাতেই উঠবে।

- Advertisement -

নিজেকে ব্রাজিলের ‘অন্ধভক্ত’ হিসেবে পরিচয় দিয়ে অধরা বলেন, ছোটবেলা থেকেই তিনি সেলেসাওদের সমর্থন করে আসছেন। তার সবচেয়ে প্রিয় ফুটবলার ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। তবে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির খেলাও তাকে সমানভাবে মুগ্ধ করে।

অধরা বলেন, ছোটবেলায় ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা সরাসরি দেখার সুযোগ হয়নি। পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের গল্প শুনেছেন, পরে ইউটিউবে রোনালদো, রোনালদিনহো, কাফুসহ ব্রাজিলের কিংবদন্তিদের খেলা দেখে আরও অনুপ্রাণিত হয়েছেন। তার ভাষায়, কিংবদন্তি পেলে তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছেন।

বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে নিজেকে ব্রাজিলের রঙে সাজিয়েছেন এই অভিনেত্রী। প্রতিদিনের পোশাকে ব্রাজিলের পতাকার রঙের ছোঁয়া রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করছেন।

সাম্প্রতিক ম্যাচে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর তার উচ্ছ্বাস আরও বেড়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। পাশাপাশি মজার ছলে প্রতিপক্ষ ও আর্জেন্টিনা সমর্থকদেরও খোঁচা দিতে ভোলেননি।

বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে অধরা বলেন, “ব্রাজিল এবার দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস, এবার তারাই বিশ্বকাপ জিতবে। সামনে দলকে আরও দুর্দান্ত খেলতে দেখব। নেইমারও ভয়ঙ্কর রূপে ফিরবেন।”

ক্যারিয়ারের প্রসঙ্গে তিনি জানান, তার অভিনীত ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’, ‘ঠোকর’, ‘বাটপার’ ও ‘দ্য রাইটার’সহ বেশ কয়েকটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ নামে দুটি নতুন সিনেমা। পাশাপাশি ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও