চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।
শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
অনুষ্ঠানে কেএসআরএম চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সংশ্লিষ্টরা জানান, এসব উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম রোগ নির্ণয় ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালে বাজেটের সীমাবদ্ধতা রয়েছে। ফলে অনেক রোগী চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। কেএসআরএমের এই সহায়তা রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো সংকটময় সময়ে কেএসআরএম হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। তাদের দেওয়া এসব অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে রোগীদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং কম খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই কেএসআরএমের অঙ্গীকার। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কেএসআরএম এবং চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

