বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সহায়তা কাজে লাগিয়ে বদলাতে হবে জীবন: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রতিকূলতাকে জয় করেই অধিকাংশ সফল মানুষ প্রতিষ্ঠিত হয়েছেন। তাই ব্যর্থতার অজুহাত না খুঁজে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।

- Advertisement -

রোববার (২৮ জুন) চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করলেও অনেকেই এখনো উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে রয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ কোনো সমাপ্তি নয়; বরং নতুন পথচলার সূচনা। বিশ্ববাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত দক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞান ও দক্ষতার ধারাবাহিক উন্নয়ন জরুরি।

ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর আবাসন ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের প্রায় ২৫০টি পরিবারের আবাসনের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি জানান, অনুষ্ঠানে মোট ৯২ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এই অর্থ উৎপাদনমুখী কাজে ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সরকারের উদ্যোগও সফল করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্নকারী জেলে, হিজড়া, সন্ন্যাসী, হরিজন ও সেবক সম্প্রদায়ের ২৫ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার অনুদান ও সনদ দেওয়া হয়। এছাড়া ২০৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৬৬ লাখ ৬০ হাজার টাকা এবং প্রতিবন্ধী, দুস্থ ও মেধাবী ১৩৫ শিক্ষার্থীকে ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও