শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিকে হারিয়ে ইতিহাস, দেশজুড়ে ছুটি ঘোষণা প্যারাগুয়েতে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবল পরাশক্তি জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। সেই স্মরণীয় জয় উদযাপনে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

- Advertisement -

মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ ঘোষণায় জানানো হয়, জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপনের সুযোগ করে দিতেই দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এ বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এই জয় প্যারাগুয়ের ক্রীড়া ইতিহাসের অন্যতম গৌরবময় অর্জন। তাই পুরো জাতিকে একসঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নকআউট পর্বের রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা ছিল। পরে টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে।

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজারো ফুটবলপ্রেমী। শুরু হয় উৎসব, আনন্দ মিছিল ও উদযাপন।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো খেললেও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানিকে বিদায় করে দেওয়াকে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

সরকার আরও জানিয়েছে, দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণা করতে পারেন। জাতীয় দলের এই ঐতিহাসিক সাফল্যের প্রতি সম্মান জানাতেই সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

সর্বশেষ

এই বিভাগের আরও