বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রেডিসন থেকে হেঁটে এসে চট্টগ্রামের মালাই চা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের স্বাদ নিতে জনপ্রিয় চা আড্ডাকেন্দ্র ফ্রেশিয়ান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। চায়ের স্বাদ গ্রহণের পাশাপাশি তিনি এর প্রস্তুত প্রক্রিয়া ও জনপ্রিয়তার বিষয়ে খোঁজখবর নেন।

- Advertisement -

বুধবার (১ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে হেঁটে জেলা স্টেডিয়াম গেটসংলগ্ন ফ্রেশিয়ানে যান মার্কিন রাষ্ট্রদূত।

এসময় তিনি মালাই চা তৈরির পদ্ধতি, ব্যবহৃত উপকরণ এবং এর বিশেষত্ব সম্পর্কে চা প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলেন। কীভাবে এই চা তৈরি হয় এবং কেন এটি এত জনপ্রিয়—এসব বিষয়েও আগ্রহ নিয়ে জানতে চান তিনি।

পরে মালাই চা পান করে সন্তোষ প্রকাশ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তিনি বলেন, “আমি শুনেছি চট্টগ্রামের এই মালাই চা বেশ জনপ্রিয়। তাই নিজে এসে এর স্বাদ নিতে চেয়েছি। চা খেয়ে আমার খুব ভালো লেগেছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে আবার চট্টগ্রামে আসার সুযোগ হলে ফ্রেশিয়ানে এসে মালাই চা পান করতে চাইবেন।

ফ্রেশিয়ানের মালিক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ফ্রেশিয়ানের মালাই চা চট্টগ্রামের মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয়। স্থানীয়দের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এখানে এসে এই চায়ের স্বাদ গ্রহণ করেন।

তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন সম্মানিত অতিথির আগমন আমাদের জন্য গর্বের। এতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের পরিচিতি আন্তর্জাতিক পরিসরেও আরও সমৃদ্ধ হবে।”

মার্কিন রাষ্ট্রদূতের এই সফর ও মালাই চায়ের প্রশংসা স্থানীয়দের মধ্যেও উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও