বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

নিজস্ব প্রতিবেদক

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ পাহাড় ও উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার (৬ জুলাই) সকাল থেকে নগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং চালানো হচ্ছে। এর আগে রোববার রাতেও নগরের বিভিন্ন স্থানে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নগরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শনিবার রাত থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মানুষের জানমাল রক্ষায় ৬ জন সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে একাধিক টিম মাঠে কাজ করছে। মাইকিংয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।

বর্তমানে আকবরশাহ ঝিল-১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় এবং বেলতলীঘোনা পাহাড় থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক, সমসামিত গৃহ নির্মাণ এলাকা, মিয়ার পাহাড় এবং মুরাদপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পাহাড়ে মাইকিং করা হচ্ছে। এসব এলাকার নিকটবর্তী একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরা বলেন, মতিঝর্ণা সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। একই সঙ্গে নদীপাড়ের বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান তুরান জানান, লালখান বাজার পোড়া কলোনি, ঢেবারপাড়, আমবাগানসংলগ্ন পাহাড় এবং উত্তর হালিশহর সমুদ্রপাড় এলাকায় বসবাসকারীদেরও নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও