চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. রাজীব (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে নগরের পতেঙ্গা থানার কাটঘর হিন্দুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে রাজীব বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকাকালে রাজীব বাসায় গিয়ে কথাবার্তার একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর রাজীব ওয়াশরুমে গেলে ভুক্তভোগী বাইরে থেকে দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক করেন। এরপর ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ ঘটনায় ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়।

