চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ বলেছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বর্তমান সরকার কাজ করছে।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় নগরের পূর্ব ষোলশহরের মোহনা কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জি আর (GR) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা যেন কেউ আত্মসাৎ বা তছরুপ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে জনগণের নামে বরাদ্দকৃত সহায়তা আওয়ামী লীগের নেতাকর্মীরাই লুটপাট করত। বর্তমান সরকার সেসব অনিয়ম বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।
একই দিনে চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে জি আর চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসান লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক জাফর আহমদ, মহানগর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, সাবেক সদস্য আলহাজ জাকির হোসেন এবং সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।
এ সময় চান্দগাঁও থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

