টানা ভারী বর্ষণে রেললাইনে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুটি ট্রেনের যাত্রা সম্পূর্ণ বাতিল করা হয়েছে, আর বাকি দুটি ট্রেনের চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীদের টিকিটের টাকা সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, যাত্রা বাতিলের কারণে যাত্রীদের টিকিটের অর্থ সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে।
রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বলেন, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট রেলসেকশনের একটি স্থানে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানি না কমায় কক্সবাজারমুখী ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, কক্সবাজার এক্সপ্রেস নির্ধারিত সময়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যেতে না পারলেও ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যেসব যাত্রী কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন এবং ঢাকায় ফিরতে চান, তারা একই টিকিট ব্যবহার করে ওই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

