চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকায় সাগরের জোয়ারে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধের ব্লকের সঙ্গে আটকে থাকা মরদেহটি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয়রা বেড়িবাঁধের ব্লকের সঙ্গে একটি মরদেহ আটকে থাকতে দেখে আনোয়ারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।”
ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

