টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে দুর্গম উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম-এর উদ্যোগে বাঁশখালীর উত্তর জলদি এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

