রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরা মহাসড়ক অবরোধ, ‘লংমার্চে’ পরীক্ষার্থীরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নেন তারা।

- Advertisement -

শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের চারটি লেনই বন্ধ হয়ে যায়। ফলে এ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, নবাব হাবিবুল্লাহ কলেজ ও উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।

আন্দোলনরত নবাব হাবিবুল্লাহ কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছি। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের লংমার্চ কর্মসূচি চলবে।”

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবারও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা আসেনি।

সরকার ইতোমধ্যে জানিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে।

এর আগে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন, বুধবারের পরীক্ষা স্থগিত না হলে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালন করবেন। তবে নির্ধারিত সূচি অনুযায়ী এদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও